প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নগদ সহায়তা ও প্রণোদনাসহ সঠিক পদক্ষেপের কারণে সরকার অর্থনীতি গতিশীল রাখতে সক্ষম হয়েছে। তিনি আরো বললেন, আমরা ঠিক সময়মতো পদক্ষেপ নিয়েছিলাম।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সূচনা বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন,কত টাকা আছে কি আছে সেটা কখনো চিন্তা করিনি। এটাই চিন্তা করেছি যে এই দুঃসময়ে আমাদের অর্থনীতির চাকাটাকে যদি গতিশীল রাখতে হয় তাহলে অবশ্য সেখানে আমাদের পৌঁছাতে হবে। মানুষের হাতে টাকা পৌঁছে দিতে হবে। আর সাধারণ মানুষ যারা- আসলে কোনো কাজ না থাকলে তাদের তো জীবনটা চালানোই মুশকিল তাদেরকেও নগদ অর্থ সাহায্য করা বা বিভিন্ন সেক্টরে যে আমরা টাকা পাঠিয়েছি সেগুলোও কিন্তু খুব কাজে লেগেছে।
শেখ হাসিনা আরো বলেন, কৃষিতে দিলাম, ব্যবসা বাণিজ্যে থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই যাদেরকে আমরা সাহায্য দেইনি, আবার শিল্পসহ অন্য সেক্টরগুলোর জন্য আমরা আলাদাভাবে কিন্তু ভাগে ভাগে যেমন ক্ষুদ্র ও মাঝারির জন্য আলাদা, বৃহৎ শিল্পের জন্য আলাদা- এরকম প্রত্যেকটা সেক্টরের জন্য ভাগ ভাগ করে দেওয়ার পরে গার্মেন্টস সেক্টরের জন্যও বিশেষভাবে দিলাম- এই দেওয়ার কারণেই অর্থনীতিটাকে গতিশীল রাখতে সক্ষম হয়েছি।
কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কৃষিকে গুরুত্ব দিতে হবে এই কারণে- কৃষি আমাদের ধরে রাখতে হবে এবং খাদ্য উৎপাদনটা বাড়াতে হবে। মানুষের যাতে খাবারে কষ্ট না হয়। সেটা আমরা কিন্তু ধরে রেখেছি।
বার্তাবাজার/আর.আর