দেশে সুষ্ঠু শাসন নেই বলেই ধর্ষণ থামছে না: জাফরুল্লাহ

দেশে সুষ্ঠু শাসন নেই বলেই ধর্ষণ থামছে না মন্তব্য করেছেন গণস্বাস্থ্য হাসপাতালের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ। তিনি বলেন, দেশে ইয়াং গ্যাং হচ্ছে। সরকারের স্কুল বন্ধ করে দেয়া ভুল সিদ্ধান্ত, ২ শিফটে স্কুল চালানো উচিৎ।

মঙ্গলবার (৬ অক্টোবর) করোনাকালীন দেশে আসা প্রবাসী শ্রমিকদের বিষয়ে সরকারের ব্যর্থতা ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রবাসীদের সাথে পুলিশের লাঠিচার্জে আমি ব্যথিত, প্রবাসীদের টাকায় সরকার চলছে, তাদের কেন টিকিটের জন্য রাস্তায় নামতে হবে? ফোনালাপে নয়, প্রধানমন্ত্রীর উচিৎ সৌদি আরব গিয়ে বাদশার সাথে সরাসরি কথা বলে শ্রমিকদের সমস্যার সমাধান করা।

জাফরুল্লাহ বলেন, জনগণের সরকার হলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর সুন্দর কথার মতোই সুন্দর কাজটাও করা দরকার। সরকারের দায়িত্ব প্রবাসীদের ভিসা ও আকামার সমস্যা সমাধান করা। প্রধানমন্ত্রীর উচিত সৌদি আরব যাওয়া, বাদশাকে বুঝিয়ে বলা প্রবাসীদের সুযোগ সুবিধার বিষয়টি। দেশে আসা দেড় লাখ প্রবাসীর পরিবারের সাথে দেড় কোটি লোকের অন্ন বস্ত্র জড়িত। এজন্য মুসলিম নারী প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর যাওয়া উচিৎ। তার বলা উচিৎ দেশের ৯৫ ভাগ মুসলিম, তারা তাদেরই ধর্মীয় ভাই।

এসময় তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রীকে ঘিরে আছে মোসাদ ও দেশের গোয়েন্দা সংস্থা। তারা প্রধানমন্ত্রীর মঙ্গল চাইবেন না এটাই স্বাভাবিক।

সরকারের পররাষ্ট্র নীতি সম্পূর্ণ ব্যর্থ বলে সমালোচনা করে তিনি বলেন, সকল রাজনৈতিক দল নিয়ে বসলে দেশের সব সমস্যার সমাধান হবে। রাষ্ট্রদূতদের ২৪ ঘণ্টা দূতাবাস খোলা রেখে প্রবাসীদের সেবা দিতে হবে। পররাষ্ট্র দপ্তরের সবাইকে প্রবাসীদের সমস্যা সমাধানে মরুভূমিতে পড়ে থাকতে হবে।

তিনি আরও বলেন, ঈদে তিনদিন ছুটি থাকলে পূজাতেও তিনদিন ছুটি দিতে হবে। কারণ তারা আমাদেরই ভাই।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর