ছাত্রী ধর্ষণ অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুরে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপারকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, এদিন বিকেল সাড়ে ৪টায় মিরপুর থানায় তার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগের মামলা করেন ছাত্রীর বাবা।

পুলিশ সূত্রে জানা যায় , নির্যাতিতা ওই মাদ্রাসার আবাসিক ছাত্রী সপ্তাহের ৬ দিন ওই মাদ্রাসায় থাকতেন। প্রতি শুক্রবার সকালে তার বাবা তাকে বাড়ি নিয়ে যেতেন, আবার শনিবার সকালে পৌঁছে দিতেন মাদ্রাসায়। গত শনিবার সকালে মেয়েটির বাবা তাকে মাদ্রাসায় পৌঁছে দেন। পরে ভোর রাতে ফজরের নামাজের সময় মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাদের (৪২) মেয়েটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। রাত ৮টার দিকে মেয়েটিকে নিজ কক্ষে ডেকে দ্বিতীয় দফা ধর্ষণ করেন তিনি। সুপার বিষয়টি কাউকে না জানানোর জন্য মেয়েটিকে শাসিয়েও দেন। তবে মেয়েটি সোমবার সকালে তার এক সহপাঠীকে বিষয়টি জানায়। ওই সহপাঠী ঘটনাটি নিজের বাবাকে জানালে তা এলাকায় জানাজানি হয়ে যায়।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, ‘সোমবার বিকেলে নির্যাতনের শিকার ওই ছাত্রীর বাবার করা ধর্ষণ অভিযোগের মামলায় একমাত্র আসামি মাদ্রাসা শিক্ষক আব্দুল কাদেরকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সেখানে সংশ্লিষ্ট চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর