দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই ছাত্র হত্যা মামলার ৬ আসামিকে জেল হাজতে পাঠিয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-১ (সদর) আদালতের বিচারক শিশির কুমার বসু এই আদেশ দেন।
আসামিরা হলেন- শহরের মুন্সিপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে রকিবুল ইসলাম মিথুন (২৫), পুলহাট কসবা এলাকার হামিদুর রহমানের ছেলে মাহামুদুর রহমান মাসুম (৩৫), রামনগর এলাকার নাজির হোসেনের ছেলে নাহিদ আহম্মেদ নয়ন (৩৫)।
এছাড়া ঘাসিপাড়া এলাকার আহসানুল্লাহর ছেলে মমিনুল ইসলাম মোমেন (২৮), ক্ষেত্রিপাড়া এলাকার মৃত শরিফুল আহসান লালের ছেলে তায়েফ বিন শরিফ (৩৫) ও ফুলবাড়ী উপজেলার স্বজন পুকুর গ্রামের ড্রাইভার আব্দুল মজিদের ছেলে নাজমুল ইসলাম মাসুস (২৮)। তারা সবাই ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী।
কোর্ট পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ এপ্রিল ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় আহত হয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র জাকারিয়া ও কৃষি বিভাগের ছাত্র মাহমুদুল হাসান মিল্টন।
পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুনের ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলায় ৪১ জনকে আসামি করা হয়। এছাড়াও কোতোয়ালি থানার এসআই আব্দুল নুর বাদী হয়ে অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করেন।গত বছরের মার্চে মামলাগুলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডিতে) স্থানান্তরিত হয়।
চলতি বছরের ২৯ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির ওসি রমজান আলী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
এই মামলায় দিনাজপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (অব্যাহতি প্রাপ্ত) প্রধান আসামী আবু ইবনে রজব, দিনাজপুর সরকারি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ সুজন, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ রায়হান জেল হাজতে রয়েছে।
বার্তা বাজার / ডি.এস