কেরানীগঞ্জে এসিল্যান্ড অফিসে জালিয়াতির অপরাধে দালালকে কারাদণ্ড

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এসিল্যান্ড অফিসে নামজারির পর্চা জালিয়াতির অভিযোগে লোকমান হাকিম (৬০) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লোকমান হাকিম রাজধানীর শ্যামপুর থানাধীন আসিন গেইট এলাকার আব্দুর জাব্বার মিয়ার ছেলে।

আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন (তিন্নি) এই কারাদণ্ড দেন।

জানা গেছে, অভিযুক্ত লোকমান হাকিম বাস্তা মৌজার ৫ শতক ভূমি মো. নাসির মিয়ার নামে জালিয়াতির মাধ্যমে নামজারী ও জমাভাগ সৃজন করে এবং পরবর্তীতে ওই নামজারী ও জমাভাগের প্রস্তাবপত্রসহ জালপর্চা নিয়ে ডিসিআর করতে এসিল্যান্ড অফিসে আসেন।

কিন্তু নামজারি ও জমাভাগের আবেদনের সাথে তিনি যে নথি জমা দিয়েছেন তা দেখে ভূমি কর্মকর্তা নাজির আনেয়ার হোসেনের সন্দেহ হয় এবং লোকমানের কথায়ও গরমিল পাওয়া যায়। পরে তার জমা দেওয়া নথিটি পর্যালোচনায় দেখা যায় সেটি জাল জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করা হয়েছে।

এসময় বিষয়টি এসিল্যান্ড সানজিদা পারভীন (তিন্নি) কে জানানো হলে তিনি লোকমানকে জিজ্ঞাসাবাদ করেলে লোকমান তার দোষ স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন এসিল্যান্ড। পরে আসামীকে দক্ষিন কেরানীগঞ্জ থানা কোনাখোলা ফাঁড়ি পুলিশের সহযোগিতায় কারাগারে প্রেরন করা হয়।

এ বিষয়ে এসিল্যান্ড সানজিদা পারভীন বার্তা বাজারকে জানান, লোকমানকে নামজারি ও জমাভাগের জালিয়াতির নথিসহ হাতেনাতে আটক হয়। পরে সে জালিয়াতির বিষয়টি স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। এসময় তিনি আরও বলেন, দক্ষিন কেরানীগঞ্জ ভূমি অফিস দালালমুক্ত করতে আমার অভিযান অব্যাহত থাকবে। এ অফিসে কোন ব্যক্তির জাল জালিয়াতির কোন সুযোগ নেই।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর