পৃথ্বি-স্টয়নিসের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ দিল্লির

দুবাইয়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বোলারদের তুলোধুনো করে ৪ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর করে দিল্লি ক্যাপিটালস। টস হেরে ব্যাটিং করতে নেমে দারুন শুরু করে দিল্লি। পৃথ্বি শ আর শিখর ধাওয়ান ৪০ বলের উদ্বোধনী জুটি থেকে আসে ৬৮ রান। বেশি ভয়ংকর ছিলেন পৃথ্বি। দারুণ সব শটে মাঠ মাতিয়ে রেখেছিলেন।

ডানহাতি এই ওপেনারকে শেষ পর্যন্ত আউট করেন মোহাম্মদ সিরাজ। তার দারুণ এক ডেলিভারি বুঝতে না পেরে উইকেটরক্ষক এবি ডি ভিলিয়ার্সকে তালুবন্দি পৃথ্বি। ২৩ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় পৃথ্বি করেন ৪২ রান। এরপরই রানের গতি কিছুটা কমে যায় দিল্লির। ৮ থেকে ১২-এই পাঁচ ওভার কোনো বাউন্ডারি পায়নি দলটি। ৩০ বলের মধ্যে মাত্র ২০ রান তুলে তারা হারায় ধাওয়ান আর আয়ারকে।

ইনিংসের দশম ওভারে ইসরু উদানাকে বাউন্ডারি মারতে গিয়ে লং অনে ধরা পড়েন ২৮ বলে ৩২ করা ধাওয়ান। এক ওভার পর মঈন আলিকে খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন আয়ার (১৩ বলে ১১)।

৯০ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ঝড়ো ব্যাটিংয়ে আবার রানের গতি বাড়ান মার্কাস স্টয়নিস আর রিশাভ পান্ত। ৪১ বলে ৮৯ রান যোগ করে মোহাম্মদ সিরাজের বল গায়ে লেগে পান্ত বোল্ড হন ২৫ বলে ৩৭ রান করে। যে ইনিংসে ৩টি চারের সঙ্গে ২টি ছক্কাও হাঁকান দিল্লির বাঁহাতি এই ব্যাটসম্যান।

তবে ২৪ বলে নিজের ফিফটি তুলে নেন স্টয়নিস। শেষ ওভারে এক ছক্কায় ৭ বলে ১১ রানে অপরাজিত থাকেন সিমরন হেটমায়ার। স্টয়নিস ২৬ বলে ৬ চার আর ২ ছক্কার সাহায্যে ৫৩ রান করে মাঠ ছাড়েন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর