সরকারদলীয় সন্ত্রাসীদের দ্বারা নারী নির্যাতনের মহৌৎসব শুরু হয়েছে: ফখরুল

দেশে আইন-কানুনের বালাই নেই বলেই গুম-খুন-অপহরণ ও বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি সরকারদলীয় সন্ত্রাসীদের দ্বারা নারী ও শিশু নির্যাতনের যেন মহৌৎসব শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতে এ মন্তব্য করেন তিনি। বিবৃতিতে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান মিড নাইট সরকারের আমলে চারদিকে শুধু নারী ও শিশু নির্যাতনের আহাজারীতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। দেশে আইন-কানুনের বালাই নেই বলেই গুম-খুন-অপহরণ ও বিচারবহির্ভূত হত্যার পাশাপাশি সরকারদলীয় সন্ত্রাসীদের দ্বারা নারী ও শিশু নির্যাতনের যেন মহৌৎসব শুরু হয়েছে।

নারী ও শিশু নির্যাতন যে এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে, তা প্রতিদিন পত্রিকার পাতা খুললেই বোঝা যায়। নারী ও শিশুদের ওপর অত্যাচার ও নির্যাতনকারীরা মানুষ নামের কলঙ্ক, এরা বন্য পশু’র চেয়েও নিকৃষ্ট। সরকারের নিজেদের দু:শাসনের ফলে অপকীর্তি ও অপকর্মের মাত্রা বৃদ্ধিতে এধরণের মনুষ্যত্বহীন ঘটনা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া নারী ও শিশু নির্যাতনের মতো পাশবিকতায় দোষীরা যথোপযুক্ত শাস্তি পাচ্ছে না বলেই এধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে তারা আরও বেশী উৎসাহিত হচ্ছে। বিভিষীকাময় ও দুুর্বিনীত দু:শাসনের এক ভয়াল রুপ গোটা দেশকেই গ্রাস করে ফেলেছে। এখন দুস্কৃতিকারিরা আইন নিজেদের হাতে তুলে নিয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জে সংঘটিত নারীর ওপর মানুষ নামের পশুদের দ্বারা বর্বরোচিত হামলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখে সারাদেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। দেশবাসী আশা করে এই অমানুষদের নজীরবিহীন শাস্তি হোক।

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে পৈশাচিক কায়দায় নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মির্জা ফখরুল।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর