ধর্ষণ ও নারী নির্যাতনের মত ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ’ সামাজিক সংগঠন।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে নগরীর চেরাগি পাহাড় মোড়ে ‘সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ’র ব্যানারে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে নোয়াখালীর বেগমগঞ্জের একলাসপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিচারের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে যে হারে ধর্ষণ, নারী নির্যাতনসহ নানান অপকর্ম দিন দিন বেড়ে চলেছে, তাতে দোষীদের শুধু গ্রেফতার করলে হবেনা। তাদের কঠোর শাস্তির লক্ষ্যে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং তাদের মদদদাতাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করতে হবে।
গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে রাজনৈতিক হস্তক্ষেপ একান্ত আবশ্যক। আইনশৃঙ্খলা বাহিনীকেও আরো সচেতন হতে হবে। প্রতিনিয়ত লোক চক্ষুর অগোচরে বহু মা বোন এমনকি শিশু সহ ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চলেছে। কিন্তু সব ঘটনা আইনের আওতায় আনা হয়না। কেবল আলোচিত ঘটনা নিয়েই আইনি সক্রিয়তা দেখা যায়। এজন্য প্রয়োজন প্রতিটি পাড়া মহল্লায় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণকে একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আবৃত্তিশিল্পী রাশেদ হাসান বলেন, দীর্ঘসূত্রতা না ধরে দোষীদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে না পারলে এ ঘৃণ্য প্রবণতা রুখে দেওয়া যাবে না। সাংস্কৃতিক চর্চার অনুপস্থিতি, নানা রকম রাজনৈতিক অপশক্তির পৃষ্ঠপোষকতা ধর্ষকদের বেপরোয়া করে তুলেছে। বিচার ও শাস্তিতে দৃষ্টান্ত স্থাপন করা গেলে নারী নিপীড়ন বন্ধ করা যাবে। সেজন্য আমাদের সবাইকে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।
সাংবাদিক প্রীতম দাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সিতারা শামীম, সাংবাদিক আহমেদ মুনীর, সৌমেন ধর, চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রচার সম্পাদক মিন্টু চৌধুরী, আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী, নারী শ্রমিক নেত্রী বাপ্পী দেব বর্মণ, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দিন, সাংবাদিক মহররম হোসাইন, লতিফা আনসারী রুনা, হিউম্যানিটি ফার্স্ট মুভমেন্টের মিলন রায় প্রমুখ।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন কবি কামরুল হাসান বাদল, সাংস্কৃতিক সংগঠক সুনীল ধর, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ইমতিয়াজ, ছাত্র সংসদের এজিএস নোমান সাঈফ, ছাত্র ইউনিয়ন জেলার সভাপতি এনি সেন, যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, ছাত্র ফ্রন্ট নেত্রী দীপা মজুমদার, সাংবাদিক আলমগীর সবুজ, কমল দাশ, আমিনুল ইসলাম মুন্না, কাউসার আলী, সংস্কৃতি কর্মী শাহরিয়ার পারভেজ, রুবেল দাশ প্রিন্স, সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না, অনুপম শীল, ছাত্রনেতা আল আমীন, জাফরউল্লাহ প্রমুখ।
বার্তা বাজার / ডি.এস