সিলেটে পাঁচ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। তবে এবার আর ছাত্রলীগ নয়। এবার ধর্ষণের অভিযোগ ওঠেছে শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে।
আর এ ঘটনায় গতকাল (রবিবার) রাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন অভিযুক্ত শ্রমিক লীগ নেতা ও তার এক সহযোগী।
আজ (সোমবার) আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আর এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন- সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার ৪ নম্বর রোডের ২নং বাসার দুইতলার ভাড়াটে দেলেয়ার হোসেন এবং তার সহযোগী হারুন আহমদ। ধর্ষণের শিকার সেই নারী ওই এলাকারই বাসিন্দা। জানা যায়, দেলোয়ার শ্রমিক লীগের রাজনীতির সাথে জড়িত।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার জানান, গত পরশু শামীমাবাদ আবাসিক এলাকার ৪নং রোডের পাঁচ সন্তানের এক জননী ধর্ষণের শিকার হন। পরে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি হন। গত রবিবার রাতে থানায় লিখিত অভিযোগ আসলে সাথে সাথে অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেলোয়ার ও তার সহযোগী হারুনকে গ্রেফতার করা হয়েছে।
জ্যোর্তিময় সরকার জানান, মামলায় ওই নারী অভিযোগ করেন দেলোয়ার তাকে ধর্ষণ করে এবং আরও তিনজন ধর্ষণে সহযোগিতা করে।
কেএস/বার্তাবাজার