ধর্ষণের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশের ধর্ষনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

মুখে কালো কাপড় ও হাতে স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্তত ৩০ জন শিক্ষার্থী এই মানবন্ধনে অংশ নেন। এসময় তাঁরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও তাদের হোতাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নূরনবী ইসলাম বলেন, প্রত্যক্ষ প্রমাণ থাকার পরেও ধর্ষকরা সমাজে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের কাছে আমরা জানতে চাই কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না। এতে তো ধর্ষকরা আরো উৎসাহিত হচ্ছে। যদি তাদেরকে বিচারের মুখোমুখি করা না যায় তবে এমন ন্যাক্কারজনক ঘটনা দিনদিন বেড়েই চলবে।

ফলিত গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেজাউল ইসলাম বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গঠনের উদ্যোগ নিয়েছিলেন সে স্বপ্ন আজ ধূলিসাৎ হতে চলেছে। বিচারহীনতার এ যুগে একের পর এক যে ধর্ষণের ঘটনা ঘটছে জাতি হিসেবে আমরা লজ্জিত ও হতাশ। আমরা প্রত্যেকটি ঘটনার দ্রুত বিচার দাবি করছি।

দর্শন বিভাগের শিক্ষার্থী চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিপা বলেন, ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করা হোক। পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে যেন পরবর্তীতে আর কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর