নান্দাইল সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রবাহিত নরসুন্দা নদী দখল ও দুষণের হাত থেকে রক্ষা করার দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, সামাজিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ আধাঘণ্টা কর্মসূচি পালনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে থাকা দাবিগুলো হচ্ছে- নরসুন্দা নদীর তির থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা। নদীতে বর্জ্য ও ময়লা ফেলা বন্ধ করা। কারেন্টজাল ব্যবহার করে মাছ ধরা বন্ধ করা। নদীর দুই পাড়ে গাছ লাগিয়ে পাখি বসবাসের উপযোগী করা। নদীর গভীর অংশে মাছের অভয়ারণ্য গড়ে তোলা ইত্যাদি।
নদীরক্ষা কমিটির আহবায়ক সাইদুর রহমান বলেন, আমরা মহামান্য উচ্চ আদালতের রায় অনুযায়ী নরসুন্দা নদী দখল ও দুষণমুক্ত চাই। নদী হচ্ছে জীবন্তসত্তা। নদীকে তার মতো করে চলতে দিতে হবে। দখল ও দূষণ ছড়িয়ে নরসুন্দার জীবনসত্তাকে নষ্ট করে ফেলা হচ্ছে।
কমিটির সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক এনামুল হক বলেন, নরসুন্দাসহ অন্যান্য নদীকে কেন্দ্র করে নান্দাইলের বিশাল এক জনগোষ্ঠির জীবন-জীবিকা গড়ে উঠেছে। নদী দখলের কারণে আজ এসব মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। দায়িত্বশীল ব্যক্তিরা নদীতে কঠিন ও তরল বর্জ্য ফেলে দুষণ ছড়িয়ে দিচ্ছেন। এসব বন্ধ করতে হবে।
বার্তাবাজার/অমি