বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় যৌতুকের দাবিতে প্রকাশ্যে গৃহবধুর পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় মামলা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখিত আসামী জসিমকে গ্রেফতারে করে আজ (৫ অক্টোবর) সোমবার আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত অভিযুক্ত গ্রেফতারকৃতকে কারাগারে প্রেরণ করেছেন।
এরআগে রবিবার (৪ অক্টোবর) গৃহবধুর পিতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, গৃহবধুর স্বামী রাছেল, শ্বশুর হাসান বালী, শ্বাশুড়ি খাদিজা বেগম ও দেবর জসিম।
বানারীপাড়া থানার ওসি (তদন্ত ) জাফর আহম্মেদ বলেন, অভিযোগের পরপরই আমরা একজনকে আটক করেছি। বাকি আসামীরা পলাতক রয়েছে। তবে খুব শিঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে।
আহত হ্যাপি জানান, ১০ বছর আগে একই উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের হাওড়াবাড়ি এলাকার হাসান বালীর ছেলে ধান ব্যবসায়ী রাসেলের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের রিমি (৯) ও রাতুল (সাড়ে ৩ বছর) নামের দুটি সন্তান রয়েছে। তিনি জানান, তিন লাখ টাকার জন্য দির্ঘদিন ধরে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল রাসেল। যৌতুকের দাবি মেটাতে স্বর্ণালংকার বন্ধক রেখে তাকে ৩৬ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য নির্যাতন করতে থাকে সে। শারীরিক সমস্যায় ভুগলেও রাসেল তাকে চিকিৎসা করায়নি। শুক্রবার রাতে হ্যাপী চিকিৎসার টাকার জন্য স্বামীকে অনুরোধ জানালেও যৌতুকের বাকি টাকার এনে চিকিৎসা করাতে বলে রাসেল। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতন্ডা হয়।
শনিবার সকালে হ্যাপী চিকিৎসার জন্য বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওনা হলে রাসেল ও তার বাবা হাসান বালী হ্যাপীর পিছু নেয়। বানারীপাড়া পৌর শহরের হাইস্কুল সংলগ্ন এলাকায় রিকশার গতিরোধ করে হ্যাপীকে টেনেহিঁচড়ে নামিয়ে বেদম মারধর করে তার স্বামী। বাসা থেকে বের হওয়ার শাস্তি হিসেবে রাসেল ধারালো চাকু দিয়ে তার বাম পায়ের রগ কেটে দেয়।
এদিকে অভিযুক্ত রাসেল জানিয়েছেন, তার স্ত্রী একাধিক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় আসক্ত। শনিবার সকালে হ্যাপী ব্যাগ গুছিয়ে অন্যত্র চলে যেতে থাকলে সে তার স্ত্রীর পায়ের রগ কেটে দিয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি