নোয়াখালীতে এক গৃহবধূকে বিবস্ত্র করে পাশবিক নির্যাতন, সিলেটে এমসি কলেজে গৃহবধূ ধর্ষণসহ সারাদেশে অব্যাহত নারী নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সংঘঠন দুটির ময়মনসিংহ জেলা শাখা।
নারীমুক্তি কেন্দ্র জেলা আহবায়ক বনানী রায় ও জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক আরিফুল হাসানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক শেখর রায়, ব্রহ্মপুত্র বাঁচাও আন্দোলনের আহবায়ক আবুল কালাম আল আজাদ, কবি শামীম আশরাফ, সংগীতশিল্পী নাসিমা আক্তার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অজিত দাস, বাকৃবি শাখার সভাপতি গৌতম কর, সদস্য রিফা সাজিদা, আনন্দমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রত্যেক পাড়া মহল্লায় মাদকসেবী, মাস্তান, চাঁদাবাজরা বেপরোয়া হয়ে উঠছে। একদিকে বিচারহীনতা অন্যদিকে মাদক, পর্ণোগ্রাফি, নারীর প্রতি কূপমন্ডুক দৃষ্টিভঙ্গি সমাজে নারী নির্যাতনের ক্ষেত্র তৈরি করেছে। এ অবস্থায় প্রত্যেক পাড়া মহল্লায় নারী নির্যাতনকারী, সন্ত্রাসীদের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। এ পথেই সরকারকে বাধ্য করতে হবে ধর্ষক-নিপীড়কদের উপযুক্ত বিচার করতে।
বার্তাবাজার/কে.জে.পি