চাকরির নামে প্রতারণার অভিযোগে বহিস্কৃত আ’লীগ নেতা এবার কারাগারে

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বহিস্কারাদেশ পাশ্বয়া যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ বাপ্পীকে এবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ (রোববার) ময়মনসিংহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে বাপ্পীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, ভাইস চেয়ারম্যান থাকার সময় ২০১৭ সালে উপজেলার সৈয়দগ্রাম গ্রামের রফিকুল ইসলামের (৫৪) কাছ থেকে তাঁর ছেলে সুজন মিয়াকে রাজউকে নিরাপত্তা প্রহরীর চাকরি দেওয়ার কথা বলে সাত লক্ষ টাকায় চুক্তি করে তিন লাখ টাকা নেন বাপ্পী। পরে চাকরি দিতে ব্যর্থ হওয়ায় টাকা ফেরত দিতে শুরু করেন টালবাহানা।

কয়েকবার সালিশের পর সেখানে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ২০১৯ সালের ১৫ অক্টোবর দেবাশীষ ঘোষ বাপ্পী অগ্রণী ব্যাংক মুক্তাগাছা শাখায় তাঁর নিজ নামের সঞ্চয় হিসাবের অনুকূলে এক লাখ ৫০ হাজার টাকার চেক দেন রফিকুলকে। ওই চেক নিয়ে ব্যাংকে গেলে টাকা না থাকায় তা প্রত্যাখ্যান হয়। পরে রফিকুল দেবাশীষের কাছে টাকা চাইলে তাঁকে গালাগালসহ বিভিন্নভাবে হুমকি-ধামকি দেন।

এরপর রফিকুল ইসলাম গতকাল দেবাশীষ ঘোষ বাপ্পীকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি প্রতারণা মামলা করেন। এ মামলায় বাপ্পী আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

উপজেলা আওয়ামী লীগের সূত্র জানায়, বিগত মুক্তাগাছা পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় দেবাশীষ ঘোষ বাপ্পীকে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর