‘ঘুষ’ না দেওয়ায় বিদ্যুৎ পাননি মৌলভীবাজারের বৃদ্ধ এরশাদ!

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রীর দেয়া বিনামূল্যের বিদ্যুৎ পেতে ঘুষ না দেওয়ায় এরশাদ নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে বিদ্যুৎ দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে।

জানা যায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমলগঞ্জকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন। সেই মোতাবেক গ্রামের সবাই বিদ্যুৎ পেলেও এরশাদ মিয়া নামের এক বৃদ্ধ টাকা দিতে পারেননি বলে তাকে বিদ্যুৎ দেয়া হয়নি।

সূত্র জানায়, দুই যুগের অধিক সময় আগে বাড়ি নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করলেও প্রধানমন্ত্রীর দেয়া বিনামূল্যের বিদ্যুৎ থেকে বঞ্চিত হয়েছেন এরশাদ মিয়া। গ্রামের সবাই সরকারের বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা পেলেও পাননি এরশাদ মিয়া। বর্তমানে এরশাদ মিয়ার ঘরে কুপির আলোতে আলোকিত হয়।

এ বিষয়ে এরশাদ মিয়া বলেন, স্থানীয় কিছু প্রভাবশালীকে টাকা দিতে না পারায় আমাকে বিদ্যুৎ থেকে বঞ্চিত করা হয়েছে। এখন সবার ঘরে বাতি জ্বলে আমার ঘর অন্ধকার। আমরা তিনবেলা ভাত খেতে পারি না। টাকা দিয়ে কিভাবে বিদ্যুৎ বাড়িতে আনব?

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার ওবায়দুল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এরশাদ মিয়া অফিসে এসে আবেদন করলে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর