রাজধানীতে আবারও ফুটপাতে রাখা সামগ্রী নিলামে বিক্রি

রাজধানীর উত্তরার জসীমউদ্দিন রোডে অবৈধভাবে ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রাখায় সেগুলো নিলামে বিক্রি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। পাশাপাশি সেখানে থাকা অবৈধ সাইনবোর্ড উচ্ছেদেও চালানো হয় অভিযান।

আজ (রোববার) দিনব্যাপী এই অভিযানের নেতৃত্ব দেন মেয়র আতিকুল ইসলাম।

জসীম উদ্দীন মোড় থেকে শুরু করে বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা, অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড অপসারণ ও সড়কে ফেলা রাখা অবৈধ নির্মাণসামগ্রী জব্দ ও নিলামে বিক্রি করে ডিএনসিসি। এ সময় রাস্তার ওপর নির্মাণসামগ্রী রাখায় সেগুলো জব্দ করে উন্মুক্ত নিলামে তোলা হয়। বিক্রি করা হয় ২ লাখ ৮১ হাজার ৭৫০ টাকায় ।

নিলামে বিক্রি করা এসব পণ্য ডিএনসিসির তত্ত্বাবধায়নে ক্রেতাকে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাহী কর্মকর্তা (সিও) মো. সেলিম রেজা।

এ বিষয়ে আতিকুল ইসলাম বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় কিন্তু সেটি দীর্ঘস্থায়ী হয় না। আমরা চলে গেলে আবারো তা আগের মতো হয়ে যায়। এর মূল কারণ হিসেবে আমি মনে করি করপোরেশনের লোকবল সংকট।

এসময় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম সিটি করপোরেশনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে উত্তরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর