যশোরের শার্শায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইপিআই কেন্দ্রে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
৪ অক্টোবর হতে ১৭ অক্টোবর পর্যন্ত ০৬ থেকে ১১ মাস বয়সের ৩ হাজার ৭০২জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৩৪ হাজার ৮৮২ জন শিশুকে উপজেলার স্বাস্থ্য কেন্দ্রসহ শার্শা উপজেলার প্রতিটি গ্রামের কমিউনিটি ক্লিনিক এবং উপ—স্বাস্থ্যকেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, ৩৯টি কমিউনিটি ক্লিনিক ও ৫টি উপ—স্বাস্থ্যকেন্দ্র ছাড়াও বিভিন্ন ওয়ার্ডসহ সর্বমোট ২৬৫টি কেন্দ্রে ৫৩০ জন স্বেচ্ছাসেবী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর কাজ করে যাবে। তবে শিশুদের টীকা দেয়ার দিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত থাকবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নাভারণ—বুরুজবাগান স্বাস্থ্য কেন্দ্রের আবসিক মেডিকেল অফিসার ডাঃ আক্তার মারুফ, ইপিআই কেন্দ্রের পরিদর্শক আনিছুর রহমান, আব্দুল আজিজ, সিনিয়ার ষ্টাফ নার্স রাজিয়া সুলতানাসহ প্রমুখ।
বার্তা বাজার / ডি.এস