বরিশালে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় শারমীন আক্তার (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ (০৪ অক্টোবর) রোববার দুপুরে টরকীর চর নিজ ঘরে আত্মহত্যা করেন। কিন্তু কি কারনে আত্মহত্যা করেছেন তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনাটি রহস্যজনক বলে জানিয়েছেন গৌরনদী থানার এসআই মিজানুর রহমান।

জানা গেছে, গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী শারমিন আক্তার টরকী বন্দরের কাঠ ব্যবসায়ী মিজানুর রহমান খোকন সরদারের মেয়ে। তাকে তাঁর ছোটভাই শাকিল রোববার দুপুর ২টার দিকে খাবার খেতে ডাকতে শারমিনের রুমের কাছে যায়। তখন ভেতর থেকে দরজা বন্ধ থাকায় সে শারমিনকে ডাকাডাকি করে। এ সময় শারমিন ভেতর থেকে কোন সাড়া না দেয়ায় পরিবারের লোকজন রুমের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তাকে রুমের সিলিং ফ্যানের সাথে গলার ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখেন। পরে সেখান থেকে শারমিনকে এলাকাবাসী ও স্বজনরা নামিয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মিজানুর রহমান জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর