বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকেয়া বেগম মারা গিয়েছেন গত ২৬ আগস্ট। তার মৃত্যু বিষয়টি জানানো হয়েছিল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে। কিন্তু তার নামে বেতন বিল ট্রেজারির মাধ্যমে জনতা ব্যাংক আদমদীঘি শাখায় দাখিল করা হয়েছে। যা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের শালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকেয়া বেগম ওই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। চলতি বছরের ২৬ আগস্ট তিনি মারা যান। তার মৃত্যুর খবর আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানানো হয়। এরপরও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মৃত ওই শিক্ষকের নামে গত সেপ্টেম্বর মাসের ৩২ হাজার ৯২ টাকা বেতন বিল ট্রেজারির মাধ্যমে জনতা ব্যাংক আদমদীঘি শাখায় দাখিল করেন।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামছুল ইসলাম বলেন, ভুল করে অফিস সহকারী এ কাজটি করেছে। আমিও বিষয়টি যাচাই না করে ওই বেতন বিলে স্বাক্ষর করেছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সীমা শারমিন জানান, এটা সম্পূর্ণ বেআইনি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।
বার্তাবাজারে/এসজে