সিনহা হত্যাকাণ্ড: লিয়াকতের পক্ষে মামলার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ
বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে প্রধান আসামী বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক লিয়াকতের পক্ষে রিভিশনের আবেদন করা হয়েছে।
আজ (রোববার) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে লিয়াকতের পক্ষে মামলাটি দায়ের করেন তার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ শাহরিয়ার।
এই আইনজীবী জানান, গত ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার আদেশের বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ করে রিভিশন মামলাটি দায়ের করা হয়েছে। কারণ সিনহার বোনের মামলাটির পুরো বিচার প্রক্রিয়ায় আইনের ২০৫ ডি সেকশনকে অনুসরণ করা হচ্ছে না। ফলে সিনহা হত্যারকাণ্ডের বিচার সুষ্ঠু ও ন্যায়বিচার প্রতিষ্ঠা নিয়ে তার সন্দেহ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ফরিদুল আলম জানান, আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল মামলাটি গ্রহণ করে ২০ অক্টোবর শুনানীর জন্য তারিখ নির্ধারণ করেছেন।
৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ রোডে শামলাপুর চেকপোস্টে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় নয়জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলাটি র্যাবকে তদন্তভার দেওয়া হয়।
বার্তাবাজার/এসজে