এবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মা ও মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। শুক্রবার (০২ অক্টোবর) রাতে উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকায় ডাকাতি করতে এসে ডাকাতরা এ ঘটনা ঘটায়। শনিবার (৩ অক্টোবর) চুনারুঘাট থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার ও পুলিশ জানায়, রানীগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকার গরমচড়ি ফরেস্ট মাজারসংলগ্ন একটি বাড়িতে শুক্রবার গভীর রাতে প্রবেশ করে একদল যুবক। ঘরে ঢুকে মা-মেয়েকে বেঁধে স্বর্ণের গহনা, টাকা-পয়সা, গরু ও প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করে তারা। লুটপাট শেষে মা (৪৫) ও মেয়েকে (২৫) গণধর্ষণ করে পালিয়ে যায় ডাকাতদল।
পরে মা-মেয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আব্দুল মালেক জানান, ভুক্তভোগীরা ডাকাত দলের এক যুবককে চিনতে পেরে মামলা করেছেন।
চুনারুঘাট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান, গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারের স্বার্থে নাম-ঠিকানা গোপন মামলার আসামিদের নাম-ঠিকানা গোপন রেখেছি আমরা। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।
বার্তা বাজার / ডি.এস