বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) সাবেক মেধাবী শিক্ষার্থী জাকারিয়া বিন হক শুভ’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে লালমনিরহাটে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
রবিবার(৪ অক্টোবর) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নিহত শুভ’র মা নুর জাহান হক।
নিহত শুভ’র মা নুর জাহান হক বলেন, ৯ মাস আগে ঢাকা রেসিডেনশিয়াল কলেজের উপাধ্যক্ষ আছমা বেগমের মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক শেহনীলা নাজের সাথে বিয়ে হয় শুভ’র। বিয়ের পর থেকে স্ত্রী ও শ্বাশুড়ির চাপে শুভ পরিবারের সাথে যোগাযোগ কমিয়ে দেয়। মাঝে মধ্যে মোবাইলে কথা হলেও শুভ’র মাঝে আতংক মনে হত। স্ত্রী ও শ্বাশুড়ির আচরনে ক্ষুব্ধ ছিল শুভ। কিন্তু প্রেম করে বিয়ে করায় পরিবারকে বিষয়টি জোর করে বলতে পারেনি।
শুভ’র মা আরো বলেন, শুভ অফিসে গেলে বাহিরে বিভিন্ন জনের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে শুভ’র স্ত্রী শেহনীলা নাজ। যার প্রতিবাদ করত শুভ। এতে ক্ষিপ্ত হয়ে ২৫ সেপ্টেম্বর বিকেলে স্ত্রী ও শ্বাশুড়ি মিলে পরিকল্পিত ভাবে শুভকে হত্যা করে আত্নহত্যার নাটক সাজায়। মৃত্যুর কয়েক ঘন্টা পরে পরিবার ও পুলিশকে খবর দিলে রাতে মোহাম্মদপুন থানা পুলিশ বাসা থেকে শুভ’র মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। লাশ মর্গে নিতেও বাঁধা দেয়ার চেষ্টা করে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।
উল্লেখ্য, গত ২৪সেপ্টেম্বর রাত নয়টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের বাসা থেকে শুভর মরদেহ উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। নিহত জাকারিয়া বিন হক শুভ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর ঘনেশ্যাম এলাকার মৃত আব্দুল হকের ছেলে। ওয়ালটনের মোবাইল সেক্টরের টেরিটরি সেলস ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি। চাকুরীর সুবাধে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে শ্বশুরালয়ের পাশে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।
এঘটনায় নিহত শুভ’র বড়বোন হাসিনা নাজনিন বিনতে হক বাদি হয়ে ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় নিহত শুভর স্ত্রী শেহনীলা নাজ ও শাশুড়ি আছমা বেগমসহ অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
এদিকে মামলার ৯ দিনেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নিহত শুভ’র পরিবার।
এবিষয়ে রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলা হলে তিনি বার্তা বাজার কে জানান,মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।পুলিশের তদন্ত চলমান রয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিহত শুভ’র মামি কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ রাজিয়া মোস্তফা, শুভ’র বোন হাসিনা ইয়াসমিন বিনতে হক,মামলার বাদি হাসিনা নাজনিন বিনতে হক।
বার্তাবাজার/কে.জে.পি