ইডেনের অধ্যক্ষ হত্যা: ২ গৃহপরিচারিকার মৃত্যুদণ্ড

রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে শ্বাসরোধ করে হত্যা মামলায় দুই গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ রবিবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে দুই গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

এর আগে, ৩০ সেপ্টেম্বর ঢাকার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করেন আদালত।

গত বছরের ১০ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছিল। পরদিন সকালে পলাতক দুই গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্নাসহ তিনজনকে আসামি করে নিউমার্কেট থানায় মামলা করেন মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদের গামা।

মামলা সূত্রে জানা যায়, গৃহপরিচারিকা দুইজন ২০ ভরি স্বর্ণ যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা, একটি স্যামসাং জে-৭ মোবাইল সেট যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর