রাজশাহীতে স্বামীর চলন্ত প্রাইভেটকার থেকে ঝাঁপ দেয়ায় জুলিয়া খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে বাঘা উপজেলার দক্ষিণ মিলিক বাঘায় এ ঘটনা ঘটে। এঘটনায় নিহতের স্বামী মোহাম্মদ আলীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত জুলিয়া খাতুন উপজেলার মীরগঞ্জ এলাকার মোশারফ হোসেনের মেয়ে। তিনি এক ছেলের জননী।
নিহতের মামা মকুল হোসেন জানান, ৬ বছর আগে মোহাম্মদ আলী ও জুলিয়ার বিয়ে হয়। সম্প্রতি তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। গত এক মাস জুলিয়া বাঘায় তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার মোহাম্মদ আলী স্ত্রী-সন্তানকে ঢাকা নিয়ে যেতে শ্বশুরবাড়িতে আসেন।
শনিবার সকালে জুলিয়া ও তার ছেলেকে নিয়ে বাঘা বাজারের দিকে যাচ্ছিলেন মোহাম্মদ আলী। এক পর্যায়ে গতিপথ পাল্টে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে জুলিয়া রাস্তায় ঝাঁপ দেন। পরে রামেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে নেয়া হয়েছে। নিহতের পরিবার মামলা করতে রাজি না। পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
বার্তা বাজার / ডি.এস