আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধ: আরও ৫১ সেনার মৃত্যু

নাগোরনো-কারাবাখ অঞ্চলে কর্তৃত্ব স্থাপন নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলমান যুদ্ধে আরও ৫১ সেনা নিহত হয়েছে। এরই মধ্যে আর্মেনিয়া ঘোষণা দিয়েছে প্রয়োজনে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ড্রোন ভিডিওতে দেখা যায়, শুক্রবার রাতে আর্মেনিয় সামরিক হার্ডওয়্যার স্থাপনা লক্ষ্য করে তারা এ বিষ্ফোরণ ঘটায়।

পাশাপাশি আর্মেনিয়াও একটি ভিডিও প্রকাশ করে। তাদের দাবী, শুক্রবার তাদের প্রধান শহর স্টেপ্যানাকার্ট লক্ষ্য করে আজেরি বাহিনী ফের রকেট হামলা চালায়।

গত কয়েক দিনের লড়াইয়ে দু’পক্ষের বেশ কিছু ট্যাঙ্ক, হেলিকপ্টার ও ড্রোন ধ্বংস হয়েছে। দু’পক্ষের কয়েকশো সেনার পাশাপাশি বহু অসামরিক নাগরিক হতাহত হয়েছেন।

আর্মেনিয়া হুমকি দিয়েছে, প্রয়োজনে পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার রুশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই প্রজাতন্ত্রের লড়াইয়ে ইতিমধ্যেই জড়িয়ে পড়েছে বিশ্বের বেশ কিছু দেশ। মুসলিম রাষ্ট্র আজারবাইজানকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে তুরস্ক।

অন্যদিকে, খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ আর্মেনিয়ার প্রতি ঝুঁকে রয়েছে আমেরিকা, ফ্রান্সসহ পশ্চিমী দুনিয়া এবং রাশিয়া। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এদিন আর্মেনিয়া-আজারবাইজান দ্বন্দ্বে সামরিক হস্তক্ষেপ না করার বার্তা দিয়েছেন ন্যাটো ও রাশিয়াকে।

তুরস্কের পার্লামেন্টে এক বক্তৃতায় তিনি বলেছেন, অবিলম্বে সংঘর্ষ বিরতি কার্যকর করে নাগোরনো-কারাবাখ-সহ অধিকৃত এলাকাগুলো থেকে আর্মেনীয় সেনাকে সরতে হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর