বাগেরহাটের মোংলায় চকলেট দেওয়ার কথা বলে শিশু (৭) ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ (শনিবার) বিকালে মোংলা পৌর শহরতলীর নারকেলতলা এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, শিশুটির বাবা তাকে ও তার মাকে ফেলে চলে যাওয়ার পরে মা-ও অন্য এক জায়গায় বিয়ে করে তাকে তার মামা মিলন শেখের (৩৫) কাছে ফেলে চলে যান। আজ বিকেলের দিকে শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে পাশের রুমের বাসিন্দা আব্দুল মান্নান তাঁর রুমে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে তাঁর মামি জরিনা বেগম ও প্রতিবেশী সালমা বেগম ওই ঘর থেকে তাকে উদ্ধার করে।
শিশুটিকে থানায় নেওয়ার পর তার চিকিৎসার জন্য সন্ধ্যায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সেখানে এ ধরনের রোগীর উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় শিশুটিকে খুলনা কিংবা বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
এ ঘটনায় মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।’
বার্তাবাজার/এসজে