এবার বান্দরবানে খালের পানিতে পর্যটক নিখোঁজ

বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র নাফাখুমে একটি খালের পানিতে ডুবে জাকারুল ইসলাম কানন (৩৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

আজ (শনিবার) উপজেলার রেমাক্রি ইউনিয়নের পর্যটন স্পট নাফাখুম খালের পানির স্রোতে ডুবে মারা যাওয়া জাকারুল ইসলাম কানন ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তার মরদেহ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।

এ বিষয়ে স্থানীয় পর্যটক গাইড শ্রাবণ ত্রিপুরা জানান, প্রশাসনের নির্দেশনা মেনে থানচি থানা ও বিজিবি অফিসে তালিকা জমা দিয়ে শুক্রবার দুপুরে ঢাকা থেকে ভ্রমণে আসা ১৩ জনের একটি পর্যটক গ্রুপকে নিয়ে তিনি নাফাকুম ঝর্ণার উদ্দেশে রওয়ানা হন। রেমাক্রিতে রাত যাপনের পর সকালে ফের রওয়ানা দেন তারা। নাফাখুম পৌঁছার আগেই সাইগংয়ান নামক স্থানে পৌঁছালে খাল পারাপার করার সময় পানিতে ডুবে যান ওই পর্যটক ।

তখন সফরসঙ্গীসহ স্থানীয়রা অনেক খোঁজাখুজির পরও তাকে পায়নি। বিষয়টি রেমাক্রি বাজার বিজিবি ক্যাম্পে জানালে তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল বলেন, ‘পর্যটক নিখোঁজের খবর পেয়েছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর