দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বগুড়ার শেরপুরের ইউএনও মো. লিয়াকত আলী সেখের গাড়ি বহরে হামলা চালিয়েছে দু্র্বৃত্তরা। একটি অবৈধ বালু মহালে অভিযান চালানোর পর এই হামলার ঘটনা ঘটে। এঘটনায় ইউএনও সাথে থাকা দুই জন আহত হয়েছে। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে গাড়িতে।
শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে জেলার শেরপুরের খানপুর ইউনিয়নের বড়ইতলী নলডাঙ্গি এলাকায় বালুদস্যুদের ভাড়াটে লোকজন ঘটনাটি ঘটায় বলে অভিযোগ উঠেছে।
আহতরা হলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসের অফিস সহকারি উজ্জল মোহন্ত ও নৈশপ্রহরী মুঞ্জুরুল হক। তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাত ৮ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার দিন দুপুরের পর থেকেই উপজেলার শেরুয়া বটতলা বাজারসহ বিভিন্ন এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে তাঁর নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এসময় খানপুর ইউনিয়নের বড়ইতলী নবীনগর ও নলডাঙ্গি এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর আসে। পরবর্তীতে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে কাউকে না পাওয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামগুলো খোলা হচ্ছিল। এসময় বালু উত্তোলনকারীদের ভাড়াটে লোকজন সংঘবদ্ধ হয়ে তাদেরকে ঘিরে ফেলেন। একইসঙ্গে চড়াও হন। এমনকি তারা উত্তেজিত হয়ে তাঁর গাড়িতে ভাঙচুর চালায়। এসময় তাঁর সঙ্গে অভিযানে থাকা ওই দুইজন সদস্য বাধা দিতে গেলে তাদেরকে বেধড়ক মারধর করে আহত করা হয়েছে বলে দাবি করেন তিনি। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ আসার পর হামলাকারীরা পালিয়ে যায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে। উক্ত ঘটনায় জড়িত প্রকৃত কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না বলে।
বার্তা বাজার / ডি.এস