বৃদ্ধাকে ধর্ষণের ঘটনা ১০টি ডিম এবং ১০০ টাকায় ধামাচাপার চেষ্টা

মুন্সিগঞ্জে এশার নামাজের সময় অজু করতে গিয়ে এক বৃদ্ধা (৭২) ধর্ষণের শিকার হয়েছেন। সেই ঘটনা ১০টি ডিম ও ১০০ টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (শুক্রবার) রাতে মুন্সিগঞ্জ পৌর সদরের পূর্ব-শীলমন্দি এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই বৃদ্ধা বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

অভিযুক্ত কাদের শেখ একই এলাকার মৃত আমির শেখের পুত্র ও মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর ভূইয়ার ভাগ্নে।

জানা যায়, ভুক্তভোগী বৃদ্ধা শুক্রবার রাতে এশার নামাজ পরার জন্য অজু করতে ঘর থেকে বের হন। এ সময় এলাকার ‘চিহ্নিত মাদকসেবী’ কাদের তার মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে বৃদ্ধার ছেলেদের হত্যার হুমকি দিয়ে একই রাতে অভিযুক্ত কাদের ১০টি ডিম ও ১০০ টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দিতে হুমকি দেয়।

পরে আজ (শনিবার) সকালে বৃদ্ধার শারীরিক অবস্থা খারাপ হলে মুন্সিগঞ্জ পৌরসভায় কর্মরত তার নিকট আত্মীয়কে বিষয়টি জানানো হয়। বিষয়টি পৌর মেয়রকে জানালে মেয়র পাশে থাকার আশ্বাস দিয়ে আইনগত পদক্ষেপ নিতে পরামর্শ দেন। পরে এই ঘটনায় সদর থানায় ওই বৃদ্ধা অভিযোগ করেন।

এদিকে, ওই বৃদ্ধা থানায় অভিযোগ দায়ের ও চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হওয়ার পরও অভিযুক্ত কাদের তার পথরোধ ও হুমকি দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার ওসি আনিচুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে আটকের জন্য চেষ্টা চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর