মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে পাথালিয়া ইউপি চেয়ারম্যানের মানববন্ধন

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউপি চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সদস্য পারভেজ দেওয়ান। শনিবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় নবীনগর স্মৃতিসৌধের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পাথালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে অংশগ্রহন করে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এসময় বক্তব্য রাখেন- পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য লেহাজউদ্দিন, ইউপি সদস্য সোহাগ, আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি এস এম শামীম প্রমুখ সহ সকল ইউপি সদস্য। এসময় বক্তারা পারভেজ দেওয়ানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

পরে নবীনগর জয় রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান জানান, করোনাকালীন সময় থেকেই নয়ারহাট গণবিদ্যাপীঠ স্কুলের দুইটি কক্ষকে ত্রাণ সরবরাহের জন্য গোডাউন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিপক্ষ মহল কিছু সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে ত্রাণ চুরির মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়। আমি এর তীব্র নিন্দা জানিয়ে ওইসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করি।

প্রসঙ্গত, সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের দুটি রুমে মজুদ রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উপহার’ ত্রাণ সামগ্রী গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক উক্ত ত্রাণ সামগ্রী জব্দ করেন। জব্দকৃত এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ৪৯টি শুকনো খাবারের বস্তা ও ১০ কেজি করে চাউলের ৫২টি প্যাকেট।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর