ফরিদপুরে চোরাই গরু ও পিকআপ ভ্যানসহ আটক ১

ফরিদপুরের বোয়ালমারীতে চোরাই গরু ও চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।

আজ শনিবার ভোরে উপজেলার গুনবহা ইউনিয়নের মুরাইলচর গ্রাম থেকে এসব আটক করা হয়। আটক ওই পিক-আপ ভ্যান চালকের নাম হাদী ইকবাল (৩০)। তার বাড়ি আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে হাদী ইকবাল ও মুরাইলচর গ্রামের শিমুল শেখ (৩৫) দুইটি গরু পিকআপ ভ্যানে করে মোহাম্মদপুর উপজেলা থেকে আসার পথে মধুবর্ণি উচ্চবিদ্যালয় পার হয়ে পিকআপটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় লোকজন এগিয়ে আসলে শিমুল গরু দুইটি নিয়ে পালিয়ে যায়। চালক ওই গ্রামের মুক্তার শেখের বাড়িতে গিয়ে পালায়। মুক্তার শেখের বাড়ি ও আশপাশের লোকজন বুঝতে পেরে চালককে ঘরের ভিতর আটকিয়ে রেখে থানা পুলিশকে খবর দেয়। শনিবার সকালে থানার এসআই সাইফুদীন আহমেদ ঘটনাস্থলে পৌঁছে শিমুল শেখের বাড়ির পশ্চিম পাশের বাঁশ বাগান থেকে একটি বকনা বাছুর ও একটি গাভী উদ্ধার করে। পরে চালক, পিকআপ ও গরু থানায় নিয়ে আসে। তবে শিমুল পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, দুইটি চোরাই গরু, একটি পিকআপ উদ্ধার ও চালাককে আটক করা হয়েছে। তবে গরুর মালিককে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হাদী ইকবালের নামে চুরি মামলাসহ একাধিক মামলা রয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর