মসজিদ নির্মাণে চাঁদা না দেওয়ায় কাজ বন্ধ, আ’লীগ নেতা আটক

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মাদ্রাসা ও মসজিদের বারান্দা নির্মাণ কাজে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের চাঁদা না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, দাবীকৃত ২ লাখ টাকা না পেয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির লোকজনকে মারপিটও করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ ইরফানুল হক জুয়েল (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে। তিনি উপজেলার দেওগ্রাম পশ্চিম পাড়ার শামসুল হকের ছেলে।

মামলায় প্রধান অভিযুক্তের নাম মইনুল মাস্টার। তিনি উপজেলার ২নং পালশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। অভিযুক্ত অন্যরা হলেন- স্থানীয় আওয়ামী লীগ নেতা ফয়সাল হোসেনসহ ৬/৭ জন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ডুগডুগী বাজারে হাফেজিয়া মাদ্রাসা ও সংলগ্ন মসজিদের বারান্দার নির্মাণ কাজ চলাকালীন মইনুল মাস্টার ও ফয়সাল হোসেনের নেতৃত্বে ৬-৭ জনের একটি সংঘবদ্ধ দল মাদ্রাসার ম্যানেজিং কমিটির কাছে দুই লাখ টাকা চাঁদাবাজি করেন।

গত ৩০ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে ফয়সাল ও জাহাঙ্গীর নামের দুইজন মসজিদের বারান্দার নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে মাদ্রাসা ও মসজিদের ম্যানেজিং কমিটির লোকজন এসে পুনরায় কাজ চালু করে দেন।

একই দিন রাত সাড়ে ৯টার দিকে ম্যানেজিং কমিটির লোকজন মাদ্রাসার অফিস কক্ষে বসে থাকা অবস্থায় সংঘদ্ধ দলটি মইনুল মাস্টারের নেতৃত্বে মাদ্রাসার অফিস কক্ষে আসে। তারা দাবি করা ২ লাখ টাকা না দিয়ে পুনরায় কাজ শুরু করায় অকথ্য ভাষা গালাগালি করতে থাকে। এক পর্যায়ে তার হুমকি ও উপস্থিত ম্যানেজিং কমিটির লোকজনের ওপর চড়াও হয়ে লাঞ্ছিত করেন। ঘটনা টের পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা সটকে পড়েন।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দীন জানান, এ মামলায় একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত অন্যদের ধরতে জোড় চেষ্টা চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর