আগামীকাল ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা হত্যার রায়

রাজধানীর ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলার রায়ের জন্য আগামীকাল (রোববার) দিন ধার্য করেছেন আদালত।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের দিন নির্ধারণ করেন। এ মামলার আসামিরা হলেন- মাহফুজা চৌধুরীর গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমা।

মামলা সুত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। এ ঘটনায় নিহতের স্বামী ইসমত কাদির গামা মামলা করেন। গৃহকর্মী স্বপ্না ও রেশমা এবং দুই গৃহকর্মীর জোগানদাতা রুনু বেগমকে গ্রেপ্তারের পর রিমান্ডে পাঠায় পুলিশ।

এ ঘটনায় স্বপ্না এবং রেশমা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ২০১৯ সালের ২১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার এসআই আলমগীর হোসেন মজুমদার দুই গৃহকর্মীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রুনু বেগমের বিরুদ্ধে অভিযোগ না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করেন তদন্ত কর্মকর্তা। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

উল্লেখ্য, মাহফুজা চৌধুরী ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর