কক্সবাজারে অস্ত্র তৈরীর কারখানায় অভিযান, আটক ২

কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়নের মধুছড়া পাহাড়ের গভীর জঙ্গলে অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র তৈরির সরঞ্জাম এবং অস্ত্রসহ দুই জন অস্ত্র তৈরির কারিগরকে আটক করেছে র‍্যাব-১৫। এঘটনায় পলাতক রয়েছে আবু মজিব নামের এক সন্ত্রাসী।

গ্রেফতারকৃতরা হলেন, মহেষখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটা এলাকার মুখলেছুর রহমানের ছেলে আনোয়ার (৫০) এবং মহেষখালী ইউনিয়নের নতুন বাজার মগরি এলাকার আবুল কালামের ছেলে এখলাছ (২৫)।

শুক্রবার (২অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাবের-১৫ মিডিয়া কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ শেখ সাদী জানান, শুক্রবার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মধুছড়া পাহাড়ে একদল সন্ত্রাসী অস্ত্র তৈরি ও সরবরাহের জন্য সংঘবদ্ধভাবে অবস্থানের গােপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা অভিযান চালায়। এসময় পাহাড়ের গভীরে আবু মজিব (৫১) এর নির্মিত টিনের ঘরের সামনে ৫/৬ জন মিলে অস্ত্র তৈরিকালে র‍্যাব সদস্যরা আনোয়ার (৫০) ও মোঃ এখলাছকে আটক করে বাকীরা পালিয়ে যায়। পরবর্তীতে আসামীদের দেহ এবং ঘটনাস্থল তল্লাশি করে ৩টি দেশীয় ওয়ানশুটারগান এবং বিপুল পরিমান অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ধৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, পলাতক আবু মুজিব (৫১) নামের এক ব্যক্তি তাদেরকে অস্ত্র তৈরীর জন্য পাহাড়ে নিয়ে আসে এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো পাহাড়ে নিজেরা তৈরী করেছে।

এঘটনায় আবু মজিবকে পলাতক আসামী করে ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাবের এই কর্মকর্তা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর