বগুড়া-২ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের আগমনে ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএনপির বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা। তোপের মুখে সংসদ সদস্য নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পরে নেতাকর্মী ও পুলিশের সহযোগিতায় তার কর্মসূচিতে যোগ দেন।
আজ শনিবার (০৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী ঝাড়ু মিছিল শহর প্রদক্ষিণ করে।
জানা গেছে, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের দেড় বছরের মধ্যে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ২৩ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ আহ্বায়ক পদে বহাল আছেন।
সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক পৌর কাউন্সিলর সিপার আল বখতিয়ারকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকে বিএনপির রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। জেলা বিএনপি অফিস দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশের পক্ষ থেকে দুই গ্রুপকে অফিসে যাওয়া থেকে বিরত রাখা হয়।
বার্তা বাজার / ডি.এস