তিন্নি হত্যার বিচার দাবিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী উলফাত আরা তিন্নি হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (৩ অক্টোবর) বেলা ১২ টায় ইবির প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে ক্যাম্পাসের আশপাশে অবস্থানরত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের সাথে এলাকাবাসী ও স্থানীয় মুক্তিযোদ্ধারাও সংহতি প্রকাশ করেন। এসময় তাদের, বেজে উঠুক প্রতিবাদের ঘড়ি, তিন্নি হত্যার বিচার দাবি করি। মুক্তিযোদ্ধার পরিবারের নিরাপত্তা চাই প্রভৃতি প্রতিবাদী শ্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায়।

মানববন্ধনে বক্তারা গভীর শোক প্রকাশ করে অবিলম্বে তিন্নি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা এই অমানুষিক নির্যাতন ও বর্বরোচিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও তদন্ত পরবর্তী দ্রুত বিচারের দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা।

উল্লেখ্য, ইবি ছাত্রী তিন্নি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা (মৃত) ইউসুফ আলীর কন্যা। গত বৃহস্পতিবার মধ্যরাতে নিজ বাড়িতে তার মেজ বোনের প্রাক্তন স্বামী জামিরুল পাশবিক নির্যাতন করে তাকে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় আট জনের নাম উল্লেখসহ আরো ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন তিন্নির মা হালিমা বেগম। পরে অভিযান চালিয়ে শেখপাড়া থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। তবে অভিযুক্ত জামিরুল পলাতক রয়েছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর