জামালপুরের সরিষাবাড়ীতে বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষনের প্রতিবাদ ও ধর্ষক মাসুদ রানাকে গ্রেফতারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে ধর্ষিতার পরিবার।
শনিবার সকালে সরিষাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধর্ষিতার বাবা ও মামলার বাদী তোফাজ্জল হোসেন।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, চর বালিয়া গ্রামের হতদরিদ্র করাতকল শ্রমিকের মেয়ে (১৩) জন্ম থেকেই মানসিকভাবে প্রতিবন্ধী।
গত ৩০ আগস্ট রাত ১০টার দিকে একই গ্রামের সোহরাব হোসেনের বখাটে ছেলে মাসুদ রানা ওই শ্রমিকের ঘরে ঢুকে তার প্রতিবন্ধী মেয়েকে প্রলোভন দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ঘটনাটি গোপন রাখতে ধর্ষকের পরিবার তাকে চাপপ্রয়োগ করতে থাকে।
একপর্যায়ে এলাকায় বিচার না পেয়ে ধর্ষক মাসুদ রানার (২০) বিরুদ্ধে গত ৯ সেপ্টেম্বর সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার প্রায় ১ মাস পেরিয়ে গেলেও আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে পরিবারটি শঙ্কায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
ধর্ষণের শিকার শিশুটির বাবা বলেন, আমি নিজেই দৃষ্টি প্রতিবন্ধী (এক চোখ অন্ধ)। ঘটনার প্রায় ১ মাস পেরিয়ে গেলেও পুলিশ ধর্ষককে এখনো গ্রেফতার করতে পারেনি। উল্টো ধর্ষকের পরিবার আমাদের মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। বাধ্য হয়ে তার পরিবার সাংবাদিক সম্মেলন করেছেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সরিষাবাড়ী থানার পুলিশ উপ-পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, ধর্ষককে গ্রেফতারের জন্য পুলিশ সকল চেষ্টা চালাচ্ছে। তার পরিবার বাড়িঘরে তালা দিয়ে পালিয়ে গেছে। বাদিকে হুমকির বিষয়টি আমাদের জানা নেই।
কেএস/বার্তাবাজার