রাজধানীর পূর্ব রামপুরার একটি ভবনের ছাদ থেকে পড়ে মো. জাহিদুল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সদস্য জাহিদুল ইসলাম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাচিডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ রামপুরা পুরাতন পুলিশ ফাঁড়ির পানির পাম্প সংলগ্ন ২০৮/সি নম্বর ভবনের ৩য় তলায় থাকতেন।
বাসাটির কেয়ারটেকার জানান, আজ সকাল ৬টার দিকে তার স্ত্রী বাসার ছাদে যায় পানির ট্যাংকি দেখতে। তখন ছাদে মোবাইল, সিগারেটের প্যাকেট পড়ে থাকতে দেখে। আর ৩য় তলায় জাহিদুলের রুমের টিভি, ফ্যান চালু দেখতে পায়। তবে রুমে কাউকে দেখতে পায়নি। এরপর ছাদের পাশ থেকে দেখে ২ ভবনের মাঝামাঝি একেবারে নিচে কেউ একজন পড়ে আছে। তখন তিনিসহ আরও কয়েকজন ভবনের নিচে থেকে জাহিদুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. কুদ্দুস ফকির বলেন, খবর পেয়ে সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। ভবনটির ছাদে রেলিং ছিল না। কীভাবে নিচে পড়েছে বা কী হয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বার্তাবাজার/কে.জে.পি