ফেনী শহরের একটি বস্তিতে ৩ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা মাত্র ৩ হাজার টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ ওঠেছে। এই ঘটনায় অভিযুক্তের নাম শহীদুল ইসলাম। সে পেশায় একজন রাজমিস্ত্রী।
জানা যায়, শহরের বস্তিতে সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন ভুক্তভোগী ওই শিশুর মা। স্বামী পরিত্যক্তা ওই নারী ভ্যানগাড়িতে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। কয়েকদিন আগে দুপুরে তার তিন বছরের শিশু কন্যাকে একা পেয়ে ধর্ষণ করে শহীদুল। শিশুটি কিছু না জানাতে পারলেও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন দেখে মায়ের সন্দেহ হয়। পরে শিশুটি তার সাথে ঘতে যাওয়া ঘটনার কথা জানায়।
ভুক্তভোগী শিশুটির মা জানান, এ ঘটনার জন্য গত মঙ্গলবার সন্ধ্যায় শহীদুল ও তার বাবা-মাসহ পরিবারের সদস্যরা তার কাছে ক্ষমা চায় এবং তিন হাজার টাকায় ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। ওইদিন রাতেই তিনি বিষয়টি ফেনী মডেল থানায় অবহিত করেন। গত বুধবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির জবানবন্দি গ্রহণ ও পরনের প্যান্ট উদ্ধার করে।
ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, আমরা আলামত সংগ্রহ করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে। অভিযুক্ত আসামিকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বার্তাবাজার/এসজে