টস জিতে ব্যাট করতে নেমে শুরুট ভালো হয়নি হায়দরাবাদের। ইনিংসের চতুর্থ বলে দুর্দান্ত এক ডেলিভারিতে জনি বেয়ারস্টোর (০) উইকেট তুলে নেন দীপক চাহার। এরপর দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধের চেষ্টা ডেভিড ওয়ার্নার আর মনিশ পান্ডের।
৩৯ বলে তাদের ৪৭ রানের জুটিটি ভাঙে মনিশ পান্ডের বিদায়ে। ২১ বলে ২৯ রান করে এই ব্যাটসম্যান শার্দুল ঠাকুরের বলে স্যাম কুরানের তালুবন্দি হন। চেন্নাই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ডেভিড ওয়ার্নারও নিজ ছন্দে খেলতে পারছিলেন না। ২৮ বলে ২৯ রানে তিনি শিকার হন পিযুষ চাওলার। এরপর ৯ রানে রানআউট কেন উইলিয়ামসনও। ৬৯ রানে ৪ উইকেট হারায় হায়দরাবাদ।
খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেন প্রিয়াম গার্গ আর অভিষেক শর্মা। পঞ্চম উইকেটে ৪৯ বলে ৭৭ রানের অসাধারন জুটি গড়েন তারা। ১৮তম ওভারে ভাঙে এই জুটি। দীপক চাহারের ওভারের প্রথম দুই বলে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন অভিষেক। প্রথমবার জাদেজা, পরেরবার শার্দুল ঠাকুর ক্যাচ ফেলে দেন। তবে ওই ওভারের শেষ বলে ঠিকই আউট হন অভিষেক, উইকেটের পেছনে ক্যাচ দেন ২৪ বলে ৩১ করে।
তবে প্রিয়াম গার্গ অসাধারন ব্যাটিংয়ে ব্যাক্তিগত ফিফটি তুলে নেন ২৩ বলে। তার পরের বলেই অবশ্য ক্যাচ তুলে দিয়েছিলেন, নো বলে বেঁচে যান। শেষতক ২৬ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন গার্গ। চেন্নাইয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন দীপক চাহার, ৪ ওভারে ৩১ রান খরচায় নিয়েছেন ২টি উইকেট।
কেএস/বার্তাবাজার