কেরানির স্ত্রীকে নিয়ে প্রধান শিক্ষক উধাও!

ফরিদপুরের মধুখালি উপজেলার এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের অফিস সহকারীর (কেরানি) স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন বলে জানা গেছে।

ওই প্রধান শিক্ষকের নাম মো. শাহজাহান মৃধা। তার বাড়ি বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামে। তিনি বর্তমানে মধুখালি উপজেলাধীন কালাপোহা গ্রামের মীরের কাপাষাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত।

তিনি বর্তমান কর্মস্থল ছেড়ে বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামে অবস্থিত ‘কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়’এর প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ পেতে চেষ্টা করছেন। এজন্য পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করেছেন বলে সূত্রটি জানায়।

কাদিরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একাধিক অভিভাবক ‘বিতর্কিত’ ওই শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে দেখতে চান না বলে সাংবাদিকদের জানান।

স্থানীয় অধিবাসী বুলবুল শেখ বলেন, ‘মধুখালি উপজেলার মীরের কাপাষাটিয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ময়েনউদ্দিন মোল্যা মোহনের স্ত্রী ও দুই সন্তানের জননী মমতাজ মোহনের সঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মৃধার কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রধান শিক্ষকের বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই অফিস সহকারীর বাড়ি। এই কারণে ওই প্রধান শিক্ষক বিভিন্ন অজুহাতে অফিস সহকারীর বাড়িতে যেতেন। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২৭ সেপ্টেম্বর প্রধান শিক্ষক ওই মহিলাকে নিয়ে উধাও হন।’

অফিস সহকারী ময়েনউদ্দিন মোল্যা বলেন, ‘তার স্ত্রী ২৭ সেপ্টেম্বর থেকে নিখোঁজ। এজন্য ২৯ সেপ্টেম্বর মধুখালি থানায় জিডি করেছি।’

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান মৃধা বলেন, ‘আমি একটু ব্যস্ত আছি। আমার আমার মা অসুস্থ। আমি এক ঘন্টা পরে ফোন দিচ্ছি। আজকে নিউজটা করার দরকার নাই।’ পরে এক ঘন্টা পরে ফোন দিলে তিনি আর কল রিসিভ করেননি।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, ‘অফিস সহকারী ময়েন উদ্দিন মোল্যা মোহন স্ত্রী নিখোঁজের সাধারণ ডায়েরী করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খোঁজ পেলে উদ্ধার করা হবে।’

এপ্রসঙ্গে মধুখালী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা জানান, বিষয়টি শুনেছি, খোঁজ খবর নেয়া হচ্ছে।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মনোয়ার বলেন, ‘ওই শিক্ষা প্রতিষ্ঠানের অন্য শিক্ষক ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের তলব করেছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর