কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ফাতীন ইতমাম মাহমুদ (২৩) নামের বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের প্রাণহানি ঘটেছে। আজ দুপুর সোয়া ২টার দিকে সিইন পয়েন্ট সংলগ্ন সৈকতে এঘটনা ঘটে।
নিহত যুবক রাজধানীর মিরপুরের বাসুপাড়া সি-ব্লকের (৩য় কলোনী) মাহমুদুল হোসাইনের ছেলে এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে সিইন পয়েন্ট সংলগ্ন সৈকতে ফাতীন ইতমাম মাহমুদসহ কয়েকজন সহপাঠী মিলে গোসলে নামে। হঠাৎ ভাটার টান শুরু হলে ফাতীন ঢেউয়ের সাথে তলিয়ে যেতে থাকে। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি অপমৃত্যু দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।
বার্তা বাজার / ডি.এস