২৩০ রানে গুটিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল

করোনার পরে প্রথম ব্যাট-বলের লড়াইয়ে মাঠে নামল বাংলাদেশ ক্রিকেট দল। পেস বোলিং কোচ ওটিস গিবসন আর ফিল্ডিং কোচ রায়ান কুকের নামকরণে দুই দলে ভাগ হয়ে মাঠে নামে ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ওটিস গিবসন একাদশ টস জিতে ব্যাটিংয়ে নেমেছে। দুইদিনের ম্যাচে আজ প্রথম দিন রায়ান কুক একাদশের বিপক্ষে অল আউট হওয়ার আগে ওটিস গিবসন একাদশের সংগ্রহ ২৩০ রান।

এদিন আগুন ঝড়ানো বোলিং করেছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতো ছিলোই। শেষ সময়ে দুই ওভারেই দুই উইকেট শিকার মোহাম্মদ মিঠুনের।

দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন ওপেনার সাইফ হাসান। কিন্তু নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন বাঁ-হাতি ওপেনার ইমরুল কায়েস। তাসকিন আহমেদের বলে সাজঘরে ফেরার আগে করেছেন ৭ রান। এরপর শান্তকে নিয়ে ইনিংস বড় করেন সাইফ। ৬৪ রান করে সাইফ হাসান তাইজুলের বলে এলবিডব্লিউের শিকার হন। তাসকিনের বলে আউট হওয়া শান্তের ব্যাট থেকে আসে ৪২ রান।

বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি লিটন দাসও। ৭ রান করে খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। এরপর দলের হাল ধরেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ ৩৪ রান করে আউট হলেও বেশ স্বাচ্ছন্দ্যে খেলছিলেন সৌম্য সরকার। ৫১ রান করে ক্যাচ দেন মুশফিকুর রহিমের হাতে। তার বিদায়ের পর অবশ্য বেশিক্ষণ টিকেনি গিবসন একাদশের ইনিংস।

পরপর দুই বলে মোসাদ্দেক ও মুস্তাফিজকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান স্পিনার তাইজুল ইসলাম। মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ১৩ রান। রায়ান কুক একাদশের হয়ে বল হাতে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। দুটি শিকার মোহাম্মদ মিঠুনের, একটি করে নেন খালেদ আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিনের।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর