৩০ কেজি গাঁজাসহ মাদকপাচারকারী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকা থেকে জহিরুল হক (৩০) নামে এক মাদকপাচারকারীকে ৩০ কেজি গাঁজাসহ আটক করেছে র‍্যাব। এ সময় একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় র‌্যাব বিশেষ অভিযান পরিচালনা করতে চেকপোস্ট বসায়। এ সময় তল্লাশি চালিয়ে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে জহিরুলকে ৩০ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন কেরনখাল এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে আটক জহিরুল। তিনি দীর্ঘদিন ধরে চালকের ছদ্মবেশে কুমিল্লা জেলা থেকে গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় পিকআপ ভ্যানে অভিনব কায়দায় মাদক সরবরাহ করে আসছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জহিরুল বিশেষ পদ্ধতিতে পিকআপ ভ্যানের পাটাতনের নিচে গোপন প্রকোষ্ট তৈরি করে গাঁজা ভর্তি অবস্থায় ঝালাই দিয়ে নিয়মিত গাঁজা পরিবহন করতেন।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর