সাংবাদিকরা সব সময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরে: ত্রাণ প্রতিমন্ত্রী
সাংবাদিকরা সবসময় সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজ গণমাধ্যমে তুলে ধরছে বলে জানান দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।
শুক্রবার (০২ অক্টোবর) দুপুরে বেসরকারী টেলিভিশন চ্যানেল আই এর ২২-তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পাবে না। ত্রাণ বিতরণে কেউ অনিয়ম বা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশে কোন দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের স্থান নেই। বাংলাদেশে নতুন করে ভুমিহীন ও গৃহহীনদেরকে আট লক্ষ ৮৮ হাজার ৩৩টি ঘর দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ৫৯ হাজার ঘরের বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
আলোচনা সভা শেষে চ্যানেল আইয়ের ২২-তম জন্মদিন উপলক্ষে সেখানে কেক কাটা হয় ও একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
আলোচনা সভায় এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/অমি