আজ (শুক্রবার) রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ১৪তম ম্যাচে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচে চারটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংসের কাপ্তান মহেন্দ্র সিং ধোনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত ধোনির ব্যাট থেকে এসেছে ২৯৮টি ছক্কা। আজকের ম্যাচে ম্যাচে মাত্র ২টি ছক্কা হাকালেই ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিনশ ছক্কার ক্লাবে নিজের নাম লেখাবেন ধোনি। যেখানে আগে থেকেই রয়েছেন রোহিত শর্মা (৩৭১) ও সুরেশ রায়না (৩১১)।
চলতি বছেরের আইপিএলে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি ধোনি। সানরাইজার্স হায়দরাবাদের সাথে যদি আজকে হাঁকাতে পারেন ৮টি ছক্কা, তাহলে এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলে আইপিএলের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক হয়ে যাবেন তিনি। বর্তমানে আইপিএলের ধোনির ছক্কা ২১২টি।
ছক্কার জোড়া রেকর্ড গড়া হয়তো খুব একটা সহজ কাজ হবে না চেন্নাই কাপ্তানের জন্য। তবে ২৪ রান করা তো কঠিন হওয়ার কথা নয়। আর তা করতে পারলে ভারতের চতুর্থ এবং সবমিলিয়ে সপ্তম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে ৪৫০০ রানের মালিক হবেন ধোনি। ইতিমধ্যে ৪৫০০ রানের ক্লাবে নাম লিখিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং সুরেশ রায়না।
উইকেটরক্ষক হিসেবেও ক্যাচের সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ধোনি। উইকেটের পিছনে আর মাত্র ২টি ক্যাচ ধরলেই আইপিএলের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ক্যাচের সেঞ্চুরি করবেন ধোনি। এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক কিপিং গ্লাভস হাতে করেছেন ক্যাচের সেঞ্চুরি।
কেএস/বার্তাবাজার