ময়মনসিংহে জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই, উগ্রবাদী প্রচারণা সংক্রান্ত লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার নাম মো. ইয়াছিন আরাফাত (২২)।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত ইয়াছিন আরাফাত ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়াইল উপজেলার শাহপুর গ্রামের আবুল ফয়েজের ছেলে।

এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে গৌরীপুর উপজেলার কলতাপাড়া চুড়ালীগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে গৌরীপুরে ভাড়াবাসায় থেকে ছদ্মবেশে ইয়াছিন আরাফাত জঙ্গি কার্যক্রম পরিচালনা করছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার কলতাপাড়া চুড়ালী গ্রামের সাইদুল ইসলামের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করলে দৌড়ে পালানোর সময় ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪ এর সিনিয়র এএসপি জোনাঈদ আফ্রাদ জানান, গ্রেফতার ইয়াছিন আরাফাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে জেএমবির একজন সক্রিয় সদস্য। সে গৌরীপুরে ভাড়া বাসায় থেকে ছদ্মবেশে রাতে উগ্রবাদী প্রচারণা সংক্রান্ত লিফলেট বিতরণ করত।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর