পিরোজপুরের ভান্ডারিয়ায় ১৯শ’ বস্তা সিমেন্টসহ রায়হান-২ নামের একটি ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তি মো. কাউয়ুম মাঝির লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ মো. কাউয়ুম মাঝি (৪০) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আড়ংঘাটা গ্রামের শহীদ মাঝির ছেলে। তিনি ওই ট্রলারের মালিক ছিলেন।
এর আগে, রায়হান-২ ট্রলারটি গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মংলা থেকে সিমেন্ট বোঝাই করে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে বিশ্রাম নিতে উপজেলার কচা নদীর পশ্চিম জুনিয়া গ্রামের বারানি খাল সংলগ্ন স্থানে নোঙ্গর করে। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ কচা নদীর তীরবর্তী ট্রলার নোঙ্গর করা এলাকা থেকে প্রায় ২০/২৫ শতাংশ জমি নদীতে দেবে যায়। এ সময় সেখানে নোংগর করা ট্রলারটিও ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা ট্রলার মালিক নিখোঁজ হলেও ট্রলারে থাকা এর চালক আ. মানান (৬৫) ও হেলপার ফয়সাল বেপারী (১৫) সাঁতরে উপরে উঠে যায়।
বার্তাবাজার/কে.জে.পি