১৯শ বস্তা সিমেন্টসহ ট্রলারডুবি, নিখোঁজ ১

পিরোজপুরের ভান্ডারিয়ায় ১৯শ’ বস্তা সিমেন্টসহ রায়হান-২ নামের একটি ট্রলার ডুবে ১ জন নিখোঁজ হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে উপজেলার তেলিখালী ইউনিয়নের পশ্চিম জুনিয়া গ্রামের কথা নদীর সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ মো. কাউয়ুম মাঝি (৪০) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আড়ংঘাটা গ্রামের শহীদ মাঝির ছেলে। তিনি ওই ট্রলারের মালিক ছিলেন।

ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান-২ ট্রলারটি গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মংলা থেকে সিমেন্ট বোঝাই করে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে বিশ্রাম নিতে উপজেলার কচা নদীর পশ্চিম জুনিয়া গ্রামের বারানি খাল সংলগ্ন স্থানে নোঙ্গর করে। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ কচা নদীর তীরবর্তী ট্রলার নোঙ্গর করা এলাকা থেকে প্রায় ২০/২৫ শতাংশ জমি নদীতে দেবে যায়। এ সময় সেখানে নোংগর করা ট্রলারটিও ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা ট্রলার মালিক নিখোঁজ হলেও ট্রলারে থাকা এর চালক আ. মানান (৬৫) ও হেলপার ফয়সাল বেপারী (১৫) সাঁতরে উপরে উঠে যায়।

ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ মো. মাসুদুর রহমান জানান, ডুবে যাওয়া ট্রলার ও এর মালিককে উদ্ধারের জন্য বরিশাল থেকে বিশেষ ডুবুরী দলের মাধ্যমে উদ্ধার কাজ করা হবে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর