হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সতর্ক করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা করায় বিচারপতি শেখ হাসান আরিফ তাদের সতর্ক করেন।
প্রত্যক্ষদর্শী আইনজীবীরা জানান, বৃহস্পতিবার সকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আগাম জামিন নিতে আসা ব্যক্তিরা স্বাস্থ্যবিধি না মেনে কোর্ট রুমের বাইরে ভিড় জমান ও চেঁচামেচি করতে থাকেন। যার ফলে বিচারকাজ বিঘ্নিত হয়। এ সময় সেখানকার পুলিশ সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন না করে বসে ছিলেন।
আইনজীবীরা আরও জানান, বিষয়টি এজলাস থেকে লক্ষ্য করেন বিচারপতি শেখ হাসান আরিফ। পরে তিনি বেঞ্চ থেকে নেমে পুলিশ সদস্যদের সতর্ক করেন। বিচারপ্রার্থীরা স্বাস্থ্যবিধি না মানায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই এনেক্স কোর্ট ভবনের বারান্দা ফাঁকা হয়ে যায় এবং পুলিশসহ সবাই স্বাস্থ্যবিধি অনুসরণে তৎপর হয়ে উঠে।
বার্তা বাজার / ডি.এস